পটিয়ায় অপহৃত শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মো. জায়হান নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয় একটি ময়লার ভাগাড় থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা নামের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় জায়হান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই সময় শিশুটির বাবা শাহজাহানের শয়নকক্ষে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়, যেখানে তিন লাখ টাকা মুক্তিপণ ও পরিবারের একটি মোবাইল ফোন দাবি করা হয়েছিল। চিরকুটটি উদ্ধারের পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে।
স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রতিবেশীরাই শিশুটিকে অপহরণ করেছিল। পরে ধরা পড়ার ভয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় এবং প্রমাণ লুকাতে মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা শোকের অভিনয় করে পরিবারের সঙ্গে শিশুটিকে খোঁজার নাটক সাজিয়েছিল।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মম এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।