ঝিনাইদহে ১০ কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম আধুনিক কসাইখানা উদ্বোধন আজ

ঝিনাইদহ পৌরসভায় জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে দেশের অন্যতম সর্বাধুনিক কসাইখানা নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভ-স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত এই মেগা প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রকল্পের নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৫ জানুয়ারি প্রাণিসম্পদ অধিদপ্তর ও ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই কর্মযজ্ঞ শুরু হয়। একই বছরের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিস্টালটেক এনএকে-এর তত্ত্বাবধানে নির্মাণকাজ শুরু হয়ে দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ৪৯ শতক জমির ওপর বিস্তৃত এই স্থাপনা নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় জানান, আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এই কসাইখানায় গরু ও ছাগল প্রক্রিয়াজাতকরণের জন্য পৃথক দুটি স্বয়ংক্রিয় স্লটার লাইন রয়েছে। অত্যাধুনিক এই ব্যবস্থায় প্রতি ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করা সম্ভব হবে। পশু জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও ধৌতকরণের জন্য এখানে রয়েছে সুনির্দিষ্ট হোল্ডিং জোন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন জানান, মাংসের গুণগত মান ও পুষ্টি বজায় রাখতে এখানে আধুনিক চিলিং রুম ও কম্প্রেশার রুম স্থাপন করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে কার্যকর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস প্ল্যান্টের সংস্থান রাখা হয়েছে। এছাড়া নিজস্ব সাবস্টেশন, জেনারেটর ও সোলার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ ঝিনাইদহ শহরকে যত্রতত্র পশু জবাইজনিত দূষণ থেকে মুক্ত রাখতে এবং পৌরবাসীকে রোগমুক্ত মাংস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।