শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৬টা ৪০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) একটি টহল দল অভিযান চালিয়ে বাল্কহেডটি আটক করে। পরবর্তীতে জব্দকৃত নৌযানটি বিজিবির পল্টন ঘাট এলাকায় নিয়ে আসা হয়।
অভিযানের খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্ত সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেখানে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দরগাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. নজরুল ইসলামকে ১০ দিনের এবং পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের জিল্লুর গাজীর ছেলে মো. আক্তারুল জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের সম্পদ রক্ষায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।