ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও গোলাগুলি, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় এক উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির এবং তার দুই সহযোগী মাসুম ও নাঈমকে ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের ছিনিয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি বর্ষণ করে এবং ব্যাপক হারে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি চালালে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক নন্দন সরকার, উপ-পরিদর্শক মনির, সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পুলিশের কঠোর প্রতিরোধের মুখে হামলাকারীরা শেষ পর্যন্ত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমান সরকারের সুশাসন ও কঠোর অবস্থানের অংশ হিসেবে মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%