সুনামগঞ্জের অবহেলিত জনপদের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান এমপি কামরুলের

সুনামগঞ্জ জেলার অবহেলিত জনপদের বাস্তব চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, হাওরবেষ্টিত এই জেলাটি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, তিনি নিজ নির্বাচনী এলাকার পশ্চাৎপদতা ও দুর্ভোগের কথা জাতীয় সংসদে নিয়মিত তুলে ধরছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে উন্নয়নের ধারা বেগবান করতে সরকার বদ্ধপরিকর। তার নির্বাচনী প্রচারণার কঠিন বাস্তবতার কথাও তিনি এ সময় তুলে ধরেন।

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক গণমাধ্যম গুজবে জড়িয়ে পড়ছে এবং অর্থের বিনিময়ে সংবাদ প্রচারের মতো অনৈতিক চর্চায় লিপ্ত হচ্ছে। এর ফলে মিডিয়ার ওপর সাধারণ মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত সময়ের মতো কারো বন্দনা না গেয়ে বরং গঠনমূলক সমালোচনা করুন এবং উন্নয়নের সঠিক পথ নির্দেশ করুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজন। এছাড়া বদরুল কাদির শিহাব, সেলিম উদ্দিন, আবদুল মোতালেব খান, আশরাফ হোসেন লিটন, শামস শামিম, জসীমউদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র, এ, কে কুদরত পাশা ও তৌহিদ চৌধুরী প্রদীপ উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%