সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের ভেতরে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার জব্দ প্রাইভেট কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক পাচারকারীদের এক অভিনব ও চাঞ্চল্যকর কৌশল নস্যাৎ করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নিয়মিত তল্লাশিচৌকিতে সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি প্রাইভেট কারের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
পুলিশ জানায়, তল্লাশিচৌকিতে সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করলে একপর্যায়ে চালক মহাসড়কের পাশে গাড়িটি রেখে সটকে পড়ে। পরবর্তীতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়, যার ওজন ছিল অস্বাভাবিকভাবে হালকা। সিলিন্ডারটি কৌশলে কেটে ভেতরে তৈরি বিশেষ গোপন প্রকোষ্ঠ থেকে বিপুল এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএম-এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও পুলিশের প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় তাদের পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার উৎস, গন্তব্য এবং এর সাথে জড়িত অপরাধী চক্রকে চিহ্নিত করতে ইতিমধ্যে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। পলাতক চালক ও গাড়ির প্রকৃত মালিককে শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ইয়াবা ও প্রাইভেট কার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।