কাউখালীতে অভিযানে শটগানসহ যুবক আটক

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ সজীব সরদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সজীব সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়ির পাশের একটি ডোবা থেকে শটগানটি উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কাউখালী থানার এসআই মেহেদী হাসান শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুঠোফোন তল্লাশি করা হয়। সেখানে একটি শটগানের ছবি দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সজীবকে আটক করে থানায় নিয়ে যান।
পরদিন রোববার বিকেলে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আটক সজীবকে নিয়ে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির অদূরে কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরিদর্শক এবাদ আলী জানান, উদ্ধারকৃত অস্ত্রটির উৎস এবং এর পেছনে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে।