কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১১

কুমিল্লার নূরপুর এলাকায় হামের প্রাদুর্ভাবে সিমরান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মো. শিমুল মিয়ার কন্যা শিশুটি বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের মতে, শিশুদের সঠিক সময়ে নিয়মিত টিকা না দেওয়া এবং অভিভাবকদের অসচেতনতার কারণে জেলায় হামের প্রকোপ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা হলো, বর্তমানে হাসপাতালে নতুন রোগী ভর্তির হার কিছুটা নিম্নমুখী।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ১৩৭ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে যথাযথ সেবা ও চিকিৎসায় সুস্থ হয়ে ১ হাজার ৫৮৭ জন শিশু ইতিমধ্যে বাড়ি ফিরেছে। বাকিরা বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে জেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। রোগটি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।