সিঙ্গাপুর জিমন্যাস্টিকসে স্বর্ণ জয় বান্দরবানের দুই শিক্ষার্থীর

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে বান্দরবানের লামা উপজেলার মুখ উজ্জ্বল করেছেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের দুই কৃতি শিক্ষার্থী উচিংওয়াং মারমা ও মেনটন টনি ম্রো। গত ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরেন।
বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের হয়ে জুনিয়র বিভাগে অংশ নেওয়া উচিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক নিশ্চিত করেন। একই ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ১১.৬০০ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ পদকও জিতে নেন তিনি। এছাড়া মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩.১৫০ পয়েন্টের স্কোর গড়ে স্বর্ণপদক নিজেদের ঝুলিতে ভরেন।
এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে কঠোর পরিশ্রম ও নিয়মিত চর্চার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ। তিনি জানান, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। মূলত তৃনমূল থেকে বিশ্বমানের জিমন্যাস্ট গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই খুদে জিমন্যাস্টদের স্বর্ণপদক জয় পুরো লামাবাসীর জন্য অত্যন্ত গৌরবের। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ক্রীড়াঙ্গনের এমন উন্নয়ন ও সাফল্য আগামী দিনে দেশের ক্রীড়াখাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।