শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান এমপি জি কে গউছের

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি কেবল গৌরবের নয়, এটি ঐতিহ্যের ধারাবাহিকতার এক উজ্জ্বল প্রতীক। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১০০ বছর ধরে এ অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এই বিদ্যাপীঠের অসংখ্য কৃতি শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে জেলার সুনাম অক্ষুণ্ণ রেখেছেন এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সংসদ সদস্য জি কে গউছ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দিকনির্দেশনায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে সভায় মত প্রকাশ করা হয়।
