জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে নিখোঁজের পর চালকের মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামের এক ঘোড়াগাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাহেতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জুলহাস উদ্দিন পোড়াবাড়ি গ্রামের মৃত আনার ব্যাপারির সন্তান ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে জুলহাস তার ছয় বছর বয়সী ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে নদীর পানিতে ঘোড়া গোসল করাতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বাবাকে চোখের সামনে পানিতে ডুবে যেতে দেখে শিশু রাহাত দৌড়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ আড়াই ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে জুলহাসের নিথর দেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
নিহত জুলহাসের পরিবারে তার এক বৃদ্ধা মা ও শিশুপুত্র রয়েছে। তার স্ত্রী বহু বছর আগে সংসার ছেড়ে চলে যাওয়ায় তিনি একাই মা ও সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন নিদারুণ অসহায়ত্বের মুখে পড়েছেন তার স্বজনরা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
