সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকা থেকে ওয়াহিদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘর থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওয়াহিদা ওই এলাকার মৃত মিয়াজ আলীর কন্যা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তিন মাস পরই তার স্বামী আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর থেকেই ওয়াহিদা মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব সৃষ্টি হওয়ায় একাকী জীবনযাপন করতেন তিনি। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট এই নারী সর্বশেষ গত ৩ জুন সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে উপস্থিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্বজনরা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের স্থিতিশীলতা ও সামাজিক অবক্ষয় রোধে তারেক রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।