গণতন্ত্র ও উন্নয়নের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য নাটোর প্রেসক্লাবে হুইপ দুলু

নাটোরের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, গণতন্ত্রের সঠিক বিকাশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাবের জন্য জমি বরাদ্দসহ প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করেছিলেন। ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তীর পথে অগ্রযাত্রা অত্যন্ত গৌরবময়। সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থান আরও সুসংহত হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে হুইপ বলেন, দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও সামগ্রিক উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্র ও সমাজের যেকোনো সংকটে গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধী সমাজের প্রতিনিধিরা প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশ নেন।
