চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির কড়া অবস্থান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও কঠোর প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, পুশ-ইনের শিকার ওই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের সীমান্ত পার করার চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকাটি ঘিরে ফেলে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে সর্বোচ্চ সতর্কাবস্থান গ্রহণ করে।
বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। তারা ফিরে যেতে অস্বীকৃতি জানালে নিয়ম অনুযায়ী পুশ-ব্যাকের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ ওপারে তাদের চৌকিগুলোতে জনবল বৃদ্ধি করেছে বলে তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি এপারে টহল জোরদার করেছে এবং সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।