নাটোরের লালপুরে ৩৮.২ ডিগ্রি তাপমাত্রা জনজীবন বিপর্যস্ত

নাটোরের লালপুরে জ্যৈষ্ঠের প্রখর তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার বিকেল ৩টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানিয়েছেন, তাপমাত্রার পাশাপাশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশ থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা আরও অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে আছে লালপুরের পরিবেশ। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত কৃষিশ্রমিক ও দিনমজুররা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন।

তীব্র রোদে মাঠে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছেন। প্রখর তাপ থেকে বাঁচতে সাধারণ মানুষ ছায়াযুক্ত স্থানের খোঁজে হন্যে হয়ে ফিরছেন, কিন্তু বৈদ্যুতিক পাখার বাতাসেও কাঙ্ক্ষিত স্বস্তি মিলছে না। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা দিন-রাত সমান ভোগান্তিতে দিন অতিবাহিত করছেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম সতর্ক করে বলেন, তীব্র গরমে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি প্রবল হয়ে ওঠে। তিনি প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়ে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় প্রশাসনও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%