কোটালিপাড়ায় চোর সন্দেহে আটকের জেরে সংঘর্ষ ও ভাঙচুর মামলা দায়ের গ্রেফতার তিন

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘরকান্দা এলাকায় চোর সন্দেহে তিন ব্যক্তিকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঘাঘরকান্দা গ্রামের বাসিন্দা জলিল গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ব্যাটারি চুরির অভিযোগে কাঠিগা গ্রামের মোরসালিন কাজী, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। মাদকবিরোধী কমিটির কার্যালয়ে আটকে রেখে মারধরের খবর ছড়িয়ে পড়লে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

মামলার বাদী জলিল গাজীর অভিযোগ, কাঠিগা ও চিতশী গ্রাম থেকে আসা লোকজন সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মাদকবিরোধী কার্যালয় ও আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তারা আটককৃত তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে ভুক্তভোগী মোরসালিন কাজীর দাবি, তাকে জোরপূর্বক আটকে রেখে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করা হয়েছিল এবং তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনায় হান্নান বরকতউল্লাহ নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি জানান, মারধরের প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর স্থানীয় পর্যায়ে যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

0%
0%
0%
0%