বগুড়ায় আওয়ামী লীগ নেতার উদ্যোগে বিএনপির সংসদ সদস্যকে সংবর্ধনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিলটনকে স্থানীয় আওয়ামী লীগ নেতার আয়োজনে গণসংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আতোয়ার তালুকদার ফজুর একক উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও কৌতুহলের জন্ম দিয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আলী আতোয়ার তালুকদার ফজু স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন দল সরকার গঠনের পর, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান সুসংহত করার অপপ্রয়াস হিসেবেই স্থানীয় সচেতন মহল এই সংবর্ধনা আয়োজনকে দেখছেন।
জানা গেছে, স্থানীয় সাংবাদিক ও বেশ কয়েকজন নেতাকর্মীর চাপের মুখে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলেও, আয়োজক ফজু নিজে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত না হয়ে পরিষদ কার্যালয়ে অবস্থান করেন। পর্দার আড়ালে থেকে এমন আয়োজনের নেপথ্যে তার সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একে অনেকে রাজনীতির মাঠে নতুন করে টিকে থাকার একটি কূটকৌশল বলে অভিহিত করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আলী আতোয়ার তালুকদার ফজুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, সংসদ সদস্য মোরশেদ মিলটনের ব্যক্তিগত সহকারী আসাদ জানান, এমপি মহোদয় বর্তমানে প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন, তবে গতকাল তিনি ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
একজন সাবেক আওয়ামী লীগ নেতার এমন বিতর্কিত তৎপরতা শাহজাহানপুরের রাজনৈতিক বলয়ে নানামুখী আলোচনার সূত্রপাত করেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, রাজনৈতিক আদর্শ ও বিশ্বাসের এই অবস্থান পরিবর্তনের নেপথ্যে ব্যক্তিগত স্বার্থসিদ্ধিই কি মূল নিয়ামক হিসেবে কাজ করছে কি না, তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে।