AdvertisementAdvertisement

গৌরনদীতে সড়ক পরিবহন ও ভোক্তা অধিকার আইনে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায়

গৌরনদী মহাসড়কে নিরাপদ সড়ক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার বিকেলে এক বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিকেল ৪টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এই অভিযানে অসাধু পরিবহন চালক ও ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement
বিজ্ঞাপন

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করার বিষয়ে বিভিন্ন পরিবহন কাউন্টারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, গৌরনদী হাইওয়ে পুলিশ পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলার মাধ্যমে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। হাইওয়ে পুলিশ আধুনিক স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় সড়ক পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%