সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ২৯ মে দুপুরে উপজেলার পাংগাশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে নিজ এলাকা পাংগাশিয়ায় অবস্থানকালে অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ অটোরিকশাটির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে গেলে তিনি ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও প্রশাসনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
পরিস্থিতি বিবেচনায় দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।