সিলেটে বাড়ছে হামের প্রকোপ, এ পর্যন্ত ৫৮ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা। একই সঙ্গে অঞ্চলের হাসপাতালগুলোতে ক্রমাগত বাড়ছে আক্রান্ত শিশু রোগীর ভিড়। সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৮ জন শিশুর প্রাণহানি ঘটল। আজ শুক্রবার (২৯ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মোট মৃত ৫৮ শিশুর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন, আর বাকি ৫৪ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশু আরিম (৯ মাস) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে।

বিজ্ঞাপন

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বিশেষায়িত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো পজিটিভ রোগী শনাক্ত না হলেও, এই এক দিনেই বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৮ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২৯ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জ জেলায় মোট ৮৬ জন, সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন (যার মধ্যে ২ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে) এবং মৌলভীবাজার জেলায় ১৬ জন রোগী শনাক্ত হয়েছে। আকস্মিক হামের এই প্রকোপ বাড়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

0%
0%
0%
0%