জনগণের অধিকার ক্ষুণ্ন করে মর্যাদা বৃদ্ধির চেষ্টা যেন না হয়: এমপি বীথিকা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকা লক্ষ্মীপুরে সফরে এসে জনগণের সেবায় সততা ও নিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বীথিকা বিনতে হোসাইন। শুক্রবার সকালে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, সরকারি বরাদ্দের প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণেই ব্যয় হয়, তা নিশ্চিত করা হবে।
সফরকালে উত্তর তেমুহনী এলাকায় পৌঁছালে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় ‘বীথিকা ভাবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সংবর্ধনা পর্ব শেষে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে নিরাপত্তার সাথে ভবানীগঞ্জ পর্যন্ত এগিয়ে দেন।
নেতাকর্মীদের উদ্দেশে বীথিকা বিনতে হোসাইন বলেন, ব্যক্তিগত পর্যায়ে সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে আমরা নিজেদের ভাগ্যের উন্নয়ন করব, তবে রাষ্ট্র থেকে আসা বরাদ্দ কেবল জনগণের কল্যাণের জন্যই ব্যবহৃত হতে হবে। ক্ষমতার অপব্যবহার রোধ করে সরকারি অর্থের শতভাগ স্বচ্ছতা বজায় রাখাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
উক্ত পথসভায় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন ও সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এই সংসদ সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার কৃতি সন্তান এবং রামগতি উপজেলার পুত্রবধূ হিসেবে পরিচিত।
