Advertisement

মাধবপুরে প্রবাসী ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাড়ি নির্মাণকাজ বন্ধ করে এক প্রবাসী পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিদুল আলমের আদালতে ভুক্তভোগী আমেরিকা প্রবাসী শাহিন মিয়ার ছেলে সানি আলম শ্রাবণ বাদী হয়ে এই নালিশি মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ আগস্ট মাধবপুরের ধর্মঘর বাজারের দত্তপাড়া এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন বাদী। এ সময় উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ জোরপূর্বক বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এ সময় বাদীর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন, প্রাণনাশের হুমকি দেন এবং নির্মাণকাজ চালিয়ে যেতে হলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বিজ্ঞাপন

প্রবাসী শাহিন মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিনের অর্জিত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আসামিরা ক্ষমতার দাপট দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তিনি দাবি করেন, আমেরিকা যাওয়ার আগে নির্মাণকাজ নির্বিঘ্ন করতে তিনি কামালকে প্রথমে ৫০ হাজার এবং পরবর্তীতে আরও ১ লাখ টাকা দিতে বাধ্য হয়েছিলেন। এরপরও সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আসামিরা নতুন করে মোটা অঙ্কের টাকা দাবি করছেন।

মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইমরান আহম্মদ, কুদ্দুস মিয়া, আশিকুর রহমান মামুন এবং শাহ আলম। আদালত সিআর ৫২/২০২৬ নম্বর মামলাটি আমলে নিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে মাধবপুর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করে তা আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

পাল্টা প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিটি নিয়ে একাধিক ওয়ারিশের বিরোধ রয়েছে এবং বিষয়টি মীমাংসার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন; চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%