Advertisement

আলভারেসকে বার্সার কাছে বিক্রি করবে না আতলেতিকো মাদ্রিদ

আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেসকে বার্সেলোনার কাছে বিক্রির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে এই ফরোয়ার্ডের দলবদল নিয়ে কোনো ধরনের আলোচনায় না বসার সিদ্ধান্তে অটল থাকছে মাদ্রিদের ক্লাবটি। আতলেতিকোর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে আলভারেসের ট্রান্সফার নিয়ে অতীতে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার কোনো অবকাশ নেই।

ক্লাবটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, পেশাদার, নৈতিক ও সম্মানজনক উপায়ে দলবদলের আলোচনায় আতলেতিকো সব সময়ই আগ্রহী। তবে বার্সেলোনা সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে আলভারেসকে কাতালান ক্লাবটির কাছে বিক্রির চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। এমনকি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য এর আগে বার্সেলোনার বিরুদ্ধে ফিফা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নালিশও জানিয়েছিল আতলেতিকো।

বিজ্ঞাপন

দলবদলের বাজারে অন্য কোনো ক্লাবের আগ্রহের ক্ষেত্রে আতলেতিকো নিজেদের দরজা খোলা রেখেছে। বিশেষ করে গত কয়েক দিনে আর্সেনালের নাম জোরেশোরে শোনা যাচ্ছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে। তবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা দাবি করেছেন, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আলভারেসকে দলে পাওয়ার ব্যাপারে তারা এখনো আশাবাদী। ২৬ বছর বয়সী এই তারকার জন্য বার্সেলোনা প্রায় ১০ কোটি ইউরো বা ১১ কোটি ৬০ লাখ ডলারের একটি প্রস্তাব দিয়ে রেখেছে বলে শোনা যাচ্ছে। রবার্ট লেভান্দোভস্কি ও ফেরান তোরেসের প্রস্থানের পর আক্রমণভাগ শক্তিশালী করতে আলভারেসই বার্সার প্রধান লক্ষ্য।

এদিকে দলবদলের গুঞ্জন ও ক্লাব সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মাঝে কিছুটা অস্বস্তিতে আছেন আলভারেস। গত রবিবার ভিলারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গ্যালারির দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল তাকে। এর পরপরই অসুস্থতার কারণ দেখিয়ে টানা দুই দিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন এই বিশ্বকাপ জয়ী তারকা। এর আগে জুলাই মাসে বিশ্বকাপ চলাকালীন আলভারেস নিজেই মন্তব্য করেছিলেন যে, সবার স্বার্থেই দলবদল করাটা এখন তার জন্য সেরা সমাধান। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো বা ১১ কোটি ১০ লাখ ডলারের বিনিময়ে আতলেতিকোতে যোগ দিয়েছিলেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, পরিস্থিতি বুঝে আলভারেস পুনরায় দলের লক্ষ্য অর্জনে মনোনিবেশ করবেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%