মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী প্রকল্পের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ

ফেনীর পরশুরাম ও ফুলগাজীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে প্রকল্প এলাকার বাঁধ ও নদী তীরবর্তী স্থান পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার দুপুরে মন্ত্রী পরশুরাম-সুবার বাজার সড়কে মুহুরী ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে মন্ত্রী নদীভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং বন্যা নিয়ন্ত্রণে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি যাচাই করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপ ও বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন তিনি। স্থানীয় পর্যায়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর আগমন ও এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একনেকে অনুমোদিত দেড় হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধির কারণে প্রতিবছর সৃষ্ট বন্যা ও ভাঙনের ঝুঁকি থেকে এই অঞ্চলের মানুষ স্থায়ীভাবে পরিত্রাণ পাবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।
প্রকল্প এলাকাকে ঘিরে চলছে উৎসবমুখর প্রস্তুতি এবং সাজসজ্জার কাজ। এলাকাবাসীর প্রত্যাশা, টেকসইভাবে প্রকল্পটি দ্রুত সম্পন্ন হলে পরশুরাম ও ফুলগাজী অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। সংশ্লিষ্টরা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে শেষ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
