সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরে বিএনপি নেতাকে শোকজ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলে সাইদুল ইসলাম রঞ্জু মোটা অংকের অর্থ নিয়েছেন। এমন অনৈতিক কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু জানান, সরকারি ভাতা প্রদানের নাম করে দলীয় পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত একটি অডিও রেকর্ডের মাধ্যমে সামনে এলে দলগতভাবে তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এদিকে অভিযোগকারী মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নূর আমীন জানান, অভিযুক্ত নেতা তাদের তিনজনের কাছে সরকারি ভাতার নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে ৩৪ হাজার টাকা দাবি করেছিলেন। পরে ৩০ হাজার টাকায় রফা হয় এবং সেই টাকা জমা দিতে বাধ্য করা হয়।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম রঞ্জু। তিনি দাবি করেছেন যে, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে এবং তিনি ষড়যন্ত্রের শিকার।
