নেত্রকোনায় অনলাইন জুয়াড়ি চক্রের তিন সদস্য আটক জব্দ মোবাইল ও আলামত

নেত্রকোনা জেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মুঠোফোন এবং ১৫৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌর শহরের কাটলী ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদিদোকানের ভেতরে অনলাইন জুয়া খেলারত অবস্থায় তৌহিদ হাসান খান ওরফে রকিব এবং মো. রিপুল উদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই দিন রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বসে অনলাইন জুয়া খেলার সময় তাকে আটক করা হয়। রাজিব মিয়া পূর্বধলা উপজেলার হাট বারেঙ্গা গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে। তার কাছ থেকে একটি মুঠোফোন এবং ১৪ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়। এই ঘটনায় পূর্বধলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
