দ্বিতীয়বার মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায় কন্যা সন্তানের বাবা মা হলেন কুণাল ও পূজা

দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। স্বামী কুণাল বর্মার সঙ্গে ঘর আলো করে এল তাদের ফুটফুটে এক কন্যাসন্তান। নতুন অতিথির আগমনে শোবিজ পাড়ায় এখন খুশির জোয়ার। নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক বিশেষ ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
বর্তমানে অনেক তারকা যখন সন্তানের গোপনীয়তা রক্ষায় তৎপর, ঠিক তখন পূজা ও কুণাল বেছে নিলেন ভিন্ন পথ। নবজাতকের মুখ আড়াল না করে বরং সরাসরি তার মিষ্টি ঝলক তুলে ধরেছেন দর্শকদের সামনে। কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পূজার পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। নাতনিকে প্রথমবার কোলে নিয়ে পূজার মা আদর করে তার নাম রেখেছেন ‘গোপালি’। এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে উচ্ছ্বসিত কুণালকেও দেখা গেছে ভীষণ ইমোশনাল হতে।
ছয় বছর বয়সী বড় ভাই কৃশিবও তার ছোট বোনকে পেয়ে দারুণ খুশি। সন্তান প্রসবের আগে অপারেশান থিয়েটারে যাওয়ার ঠিক আগমুহূর্তে কৃশিবকে পরম মমতায় জড়িয়ে ধরে পূজা বলেছিলেন, ‘এক্ষুণি বেবি আসবে, তুমি দিদার কাছে অপেক্ষা করো, এবার থেকে তুমি দাদা হয়ে গেলে।’ এমন চমৎকার মুহূর্তগুলো মুহূর্তেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
গত এপ্রিল মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবরটি জানিয়েছিলেন ‘হইচই আনলিমিটেড’ খ্যাত এই অভিনেত্রী। কন্যাসন্তানের আগমনে উচ্ছ্বসিত পূজা জানান, তার পরিবার এখন পরিপূর্ণ। এই দম্পতির সংসারে ‘হাম দো হামারে দো’ পূরণ হওয়ার স্বস্তি ফুটে উঠেছে তাদের কথায়।
উল্লেখ্য, করোনা মহামারীর কঠিন সময়ে ২০২০ সালের এপ্রিলে আইনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন পূজা ও কুণাল। সে বছর অক্টোবরেই জন্ম নেয় তাদের প্রথম সন্তান কৃশিব। পরবর্তীতে ২০২১ সালে ছেলে কৃশিবকে সঙ্গে নিয়ে ধুমধাম করে গোয়ায় সামাজিক বিয়ে সম্পন্ন করেন এই তারকা জুটি। ছোট বোনকে কাছে পেয়ে কৃশিবের আনন্দের সঙ্গেই পাল্লা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তা। পূজার এই পূর্ণাঙ্গ পরিবার এখন ভালোবাসার রঙে রাঙা।
