Advertisement

ভেন্টিলেশনে প্রবীণ পরিচালক রাজা সেন সংকটজনক শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন

টলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেনের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি এখন কলকাতার এসএসকেএম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রয়েছেন। ১৪ অগস্ট সকালে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ফুসফুসের কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হয়, যা তাঁর শারীরিক অবস্থাকে উদ্বেগজনক করে তুলেছে। পরিচালককে ফিরে পেতে তাঁর স্ত্রী পাপিয়া সেন দেশবাসীর কাছে বিশেষ প্রার্থনার আর্জি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ প্রবীণ এই নির্মাতা। চলতি বছরের শুরুর দিকে স্নায়বিক সমস্যার কারণে তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়েছিল। মূলত দশ বছর আগে ‘মায়া মৃদঙ্গ’ সিনেমার শুটিং সেটে কোমরে পাওয়া চোটই পরবর্তীতে জটিল আকার ধারণ করে, যার ফলে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হলেও, সাম্প্রতিক সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা তাঁকে আবারও হাসপাতালের শয্যায় ফিরিয়ে এনেছে।

বিজ্ঞাপন

গুণী এই নির্মাতার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন টলিউডের তারকাদ্বয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালকের উন্নত চিকিৎসার জন্য তাঁরা ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও বিধায়ক পাপিয়া অধিকারীর মতো ব্যক্তিত্বরা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। প্রতিনিয়ত টলিউডের কলাকুশলী ও অনুরাগীরা পরিচালকের দ্রুত আরোগ্যের জন্য উদ্বেগ প্রকাশ করছেন। একসময়ের দাপুটে এই নির্মাতার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় এখন পুরো টালিউড।

0%
0%
0%
0%