আওয়ারাপন ২ মুক্তি আজ ইমরান হাশমির রেকর্ড পারিশ্রমিক নিয়ে তুঙ্গে আলোচনা

বলিউডের রুপালি পর্দায় ফের একবার ফিরে এল বিষণ্ণ আর রহস্যময় সেই পরিচিত মুখ—শিবম পণ্ডিত। দীর্ঘ উনিশ বছর পর ইমরান হাশমি যখন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘আওয়ারাপন ২’ নিয়ে পর্দায় ফিরছেন, তখন থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। আজ ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখছে নিতিন কক্কর পরিচালিত এই প্রতীক্ষিত সিনেমাটি। তবে পর্দার গল্পের চেয়েও এখন টিনসেল টাউনের অলিন্দে বেশি চর্চিত হচ্ছে ছবির তারকাদের পারিশ্রমিকের অঙ্ক।
বিস্ময়কর তথ্য হলো, এই সিনেমার জন্য ইমরান হাশমি যে পারিশ্রমিক হাঁকিয়েছেন, তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শোনা যাচ্ছে, ২০০৭ সালের মূল ‘আওয়ারাপন’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি যেখানে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি পেয়েছিলেন, সেখানে ‘আওয়ারাপন ২’-এর জন্য অভিনেতা পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১২ কোটি রুপি। অর্থাৎ, সময়ের ব্যবধানে মূল ছবির তুলনায় প্রায় দশ গুণ বেশি পারিশ্রমিক নিয়ে তিনি এখন বলিউডের আলোচনার কেন্দ্রে।
ছবিটিতে দিশা পাটানি এবং কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। গ্ল্যামারাস তারকা দিশা পাটানি এই সিনেমার জন্য পেয়েছেন ৫ কোটি রুপি। অন্যদিকে, খলনায়িকার চরিত্রে রূপদানকারী শাবানা আজমির পারিশ্রমিক ২ কোটি থেকে ৫ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। দিশার চেয়ে বর্ষীয়ান অভিনেত্রীর পারিশ্রমিক কম হওয়া নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।
মূলত ২৫ থেকে ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় শিবম পণ্ডিতের প্রতিশোধের অগ্নিমূর্তি দেখার অপেক্ষায় দর্শক। যদিও প্রথম কিস্তির ‘আওয়ারাপন’ মুক্তির সময় ব্যবসায়িক সাফল্য না পেলেও সময়ের স্রোতে সেটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে। ইমরান হাশমির সেই চিরচেনা বেদনার্ত চাহনি আর ধ্রুপদী অভিনয়ের জাদু এবার দর্শকদের কতটা মোহিত করতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
