AdvertisementAdvertisement

দিনাজপুরে সিআইডি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে জেলা কৃষকদল নেতা গ্রেপ্তার

দিনাজপুর কোতোয়ালি থানায় কর্তব্যরত অবস্থায় সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করার অভিযোগে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মজিবুর রহমান ওই এলাকার শেখ ইসমাইলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার নথিপত্র সংগ্রহের কাজে ওই রাতে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান থানায় উপস্থিত হন। থানার ওসি কোথায় আছেন জানতে চাইলে মজিবুর রহমান তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে সিআইডি কর্মকর্তার গালে সজোরে চড় মারেন।

Advertisement
বিজ্ঞাপন

এ সময় ডিউটি অফিসারের কক্ষে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তারা সিআইডি কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত মজিবুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%