প্রকাশ্যে আওয়ারাপন ২ এর প্রথম ঝলক বিতর্কিত মুস্তফা জাহিদের গানে বাড়ছে রহস্য

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছে এক সময়ের কালজয়ী সিনেমা ‘আওয়ারাপন’-এর জাদুকরী আবেশ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বহুল আলোচিত সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-এর প্রথম ঝলক, যা মুহূর্তেই দর্শক হৃদয়ে নস্টালজিয়ার ঢেউ তুলেছে। ইমরান হাশমির দুর্ধর্ষ লুক এবং শাবানা আজমি ও দিশা পাটানির রহস্যময় উপস্থিতি ছবিটিকে ঘিরে উন্মাদনার পারদ চড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
সিনেমার ঝলক প্রকাশের পাশাপাশি একটি বিশেষ খবর ঘিরে নেট দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। শোনা যাচ্ছে, প্রথম কিস্তির আইকনিক গান ‘তেরা মেরা রিশতা’ নতুন আঙ্গিকে ফিরে আসছে এই সিনেমায়। আর সেই পুরনো সুরের জাদুতে কণ্ঠ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদকে। তবে এই খবর সামনে আসতেই তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। ভারতের মাটিতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এই উদ্যোগ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, বিতর্ক এড়াতে এবং সেন্সরবোর্ডের কাঁচি থেকে বাঁচতে নির্মাতারা এক বিশেষ কৌশল অবলম্বন করেছেন। মুস্তফা জাহিদের কণ্ঠে গানটি রেকর্ড করা হলেও তা মূল সিনেমার কোনো দৃশ্যে ব্যবহার করা হবে না। শুধুমাত্র প্রচারণার অংশ হিসেবেই গানটিকে ব্যবহার করা হবে। শোনা যাচ্ছে, গানটির রেকর্ডিং হবে দুবাইতে, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট শিল্পী বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৬ সালে উরি হামলার পরবর্তী সময় থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ২০২৫ সালের পহেলগাঁও কাণ্ডের পর তা আরও কঠোর হয়েছে। এমন এক সংবেদনশীল পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মুকেশ ভাট এবং বিশেষ ফিল্মস প্রযোজিত এই সিনেমার পরিচালনার দায়িত্বে আছেন নিতিন কক্কর। বিলাল সিদ্দিকীর লেখা চিত্রনাট্যে নির্মিত ‘আওয়ারাপন ২’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ১৪ আগস্ট। পেন মারুধরের পরিবেশনায় মুক্তি পাওয়া এই সিনেমাটি স্বাধীনতা দিবসের দীর্ঘ সপ্তাহান্তে বক্স অফিসে সরাসরি টক্কর দেবে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে। বড় পর্দায় ‘আওয়ারাপন’-এর সেই পুরনো আভিজাত্য নতুন রূপে কতটা ম্যাজিক তৈরি করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
