সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা

দেশের জ্বালানি সংকট নিরসন এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় তিনি সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনসহ প্রযুক্তিটিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। সরকারি পর্যায়ে এই পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সৌর প্রযুক্তির ব্যবহার নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে সরকারি প্রণোদনা ও সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ গ্রাহকদের কাছে সৌরবিদ্যুৎকে আরও লাভজনক ও কার্যকর করে তুলতে একটি বিশেষ অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান। সভায় উপস্থাপিত প্রাণ-আরএফএল এবং ওয়ালটন গ্রুপের প্রতিবেদনে জানানো হয়, এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনারসহ বড় বৈদ্যুতিক সরঞ্জাম নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এবং বিভিন্ন শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
