নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান শামা ওবায়েদের

বিগত সতেরো বছরে রাজনৈতিক নিপীড়নের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের জোর দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার ২৮ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী দলমতনির্বিশেষে তৃণমূলের প্রান্তিক ও নির্যাতিত নেতাকর্মীদের দুর্দিনের কথা তুলে ধরেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রামের অনেক নেতাকর্মী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এবং ছিন্নমূল অবস্থায় দিনাতিপাত করছেন। তাদের এই কঠিন বাস্তবতার কথা বিবেচনা করে বাজেটে পৃথক বরাদ্দ রাখা এখন সময়ের দাবি। কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং কর্মীদের আত্মত্যাগের মূল্যায়ন ও পুনর্বাসন নিশ্চিত করা সরকারের রাজনৈতিক নৈতিকতার অংশ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
প্রস্তাবিত বাজেটকে ‘দিবাস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করার সুযোগ নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করবে। বাজেট কেবল আয়-ব্যয়ের গাণিতিক হিসাব নয়, বরং এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতিফলন।
বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে শামা ওবায়েদ বলেন, এই বাজেট মানবিক, উদ্ভাবনী এবং নারীবান্ধব হিসেবে প্রণয়ন করা হয়েছে। এতে বিনিয়োগকেন্দ্রিক প্রবৃদ্ধি অর্জন, ওয়ান স্টপ সার্ভিসের প্রসার, ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
