চা শ্রমিকদের স্বাবলম্বী করতে এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সংসদের ভেতরে ও বাইরে যারা নানা বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অসন্তোষ তৈরির অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার বক্তব্যে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ঘোষণা দেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, চা শ্রমিকদের চিকিৎসাসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বর্তমান সরকার।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তারেক রহমান জানান, চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ৫০ জন সুবিধাভোগীকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির প্রধান লক্ষ্য।

দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

জনগণের আমানত রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ আর কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। যারা রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের উন্নয়নের জন্য টাকার কোনো অভাব হবে না এবং জনগণের অর্থ দেশের ভাগ্যোন্নয়নেই ব্যয় করা হবে।

সম্পর্কিত- বাজেট
0%
0%
0%
0%