যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মার্কিন যাজকের বিচারিক কার্যক্রম ও জুরি নির্বাচন শুরু

টেক্সাস ও লুইজিয়ানার বিভিন্ন চার্চে দায়িত্বরত রোমান ক্যাথলিক যাজক অ্যান্থনি ওডিওংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ৫৭ বছর বয়সী এই যাজকের বিরুদ্ধে আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবে নিজের অবস্থান ও প্রভাবকে কাজে লাগিয়ে নারী অনুসারীদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার টেক্সাসের ওয়েকো শহরের একটি আদালতে জুরি নির্বাচনের মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর মামলার আইনি লড়াইয়ের সূচনা হয়।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ওডিওংয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির পাঁচটি এবং দ্বিতীয় শ্রেণির দুটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে টেক্সাস আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক অনুসন্ধানী প্রতিবেদনে যাজকের বিরুদ্ধে যৌন জবরদস্তি ও আর্থিক শোষণের চিত্র উঠে আসার পর ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে বেরিয়ে আসে যে, ওডিওং টেক্সাস ও নিউ অরলিন্স আর্চডায়োসিসে দীর্ঘ সময় ধরে অন্তত ১০ জন নারীকে নিপীড়নের লক্ষ্যবস্তু বানিয়েছেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ওডিওংয়ের বিরুদ্ধে তিন নারীকে মানসিকভাবে জিম্মি করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। যদিও লুইজিয়ানাসহ অন্যান্য স্থানের অধিকাংশ অভিযোগ আইনি সীমাবদ্ধতায় সরাসরি ফৌজদারি মামলায় রূপ নেয়নি, তবে প্রসিকিউটররা বলছেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক সাক্ষীর সাক্ষ্য থাকায় অতীতের ঘটনাগুলোও বিচারিক প্রক্রিয়ায় আনা সম্ভব হয়েছে। এছাড়া, ওডিওংয়ের বিরুদ্ধে ক্যাথলিক যাজক হিসেবে পালনীয় ব্রহ্মচর্য ভঙ্গের প্রমাণ হিসেবে এক নারীর গর্ভে তার সন্তান জন্মের বিষয়টিও আদালতে উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ।
নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক ওডিওং ১৯৯৩ সালে যাজক হিসেবে দীক্ষিত হন এবং দ্রুতই অলৌকিক নিরাময়কারী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি টেক্সাসের বেইলর ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন এবং লুইজিয়ানায় একটি চ্যাপেল নির্মাণে ৬ লাখ ডলার চাঁদা সংগ্রহ করেন। তবে একাধিক নারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠার পর ২০১৯ সালে অস্টিন চার্চ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করলেও বিষয়টি দীর্ঘ সময় গোপনীয় রাখা হয়েছিল। এমনকি নিউ অরলিন্সের আর্চবিশপ গ্রেগরি আইমন্ড ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ওডিওংকে দায়িত্ব থেকে সরিয়ে রাখার কোনো পদক্ষেপ নেননি।
এই মামলার বিচারিক প্রক্রিয়া ক্যাথলিক চার্চের ভেতরে চলা এক দীর্ঘ বিতর্কের বহিঃপ্রকাশ। বর্তমানে চার্চের নিয়ম অনুযায়ী, কেবল গুরুতর শারীরিক বা মানসিক প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদেরই ‘অসহায়’ হিসেবে গণ্য করা হয়। কিন্তু ওডিওংয়ের বিরুদ্ধে চলা এই বিচারিক লড়াই যাজকদের আধ্যাত্মিক কর্তৃত্বের শিকার ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিউ অরলিন্সের আর্চডায়োসিস যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ বাবদ ৩০ কোটি ৫০ লাখ ডলার প্রদানের বিষয়ে সমঝোতায় পৌঁছায়, যা চার্চটির ইতিহাসে এক বড় আর্থিক ও নৈতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান