ওয়েলশ ফায়ারের জয় দিয়ে আসর সমাপ্তি এবং এলিস পেরির ব্যাটে বার্মিংহাম ফিনিক্সের জয়যাত্রা

কার্ডিফে লন্ডন স্পিরিটের বিপক্ষে ১৫ রানের দারুণ জয়ে নিজেদের দ্য হান্ড্রেড মিশন শেষ করল ওয়েলশ ফায়ার। গত মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি এবার পঞ্চম স্থান অর্জন করে আসর শেষ করল। টস হেরে ব্যাটিংয়ে নেমে জর্জিয়া ভোল ও ফ্রেয়া কেম্পের ব্যাটে শুরুটা বেশ দুর্দান্ত ছিল ওয়েলশ ফায়ারের, পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৯ রান। তবে কেম্প ১৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরার পর দলের রানের গতি কিছুটা কমে যায়। মধ্যবিরতিতে ৭৪ রানে ৩ উইকেট হারানো ফায়ারের হাল ধরেন জর্জিয়া ওয়ারহ্যাম। শেষদিকে বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। বিশেষ করে শেষ আট বলে ২২ রান তুলে দলকে ১৩৮ রানে নিয়ে যান ওয়ারহ্যাম।
লন্ডন স্পিরিটের রান তাড়া শুরু হতেই বিপর্যয়ের মুখে পড়ে। গ্রেসি পটস নিজের প্রথম দুই বলেই সাজঘরে ফেরান গ্রেস হ্যারিস ও মেরি কেলিকে। পরবর্তীতে এমি জোন্সকেও আউট করে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। চারিস প্যাভেলি ও চার্লি ডিনের ২৭ রানের ইনিংস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে লক্ষ্য থেকে ছিটকে পড়ে স্পিরিট। ডিন্দ্রা ডটিন ওয়ারহ্যামের ওভারে একটি ছক্কা হাঁকিয়ে আশা দেখালেও শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় দলটি। এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান নিশ্চিত করে ওয়েলশ ফায়ার।
এদিকে বার্মিংহাম ফিনিক্স নিজেদের শেষ ম্যাচে এমআই লন্ডনকে পাঁচ উইকেটে হারিয়ে আসর শেষ করেছে। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিনিক্সের শুরুটা ছিল নড়বড়ে; কার্স্টি গর্ডনের জোড়া আঘাতে ৪৮ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেই বিপর্যয় সামলে জয়ের নায়ক হন এলিস পেরি। অপরাজিত ৬২ রানের ইনিংসের পথে তিনি চমৎকার সঙ্গ পান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার। ৩২ বলে ৩৬ রান করে ফাতিমা আউট হওয়ার সময় জয় থেকে মাত্র ৭ রান দূরে ছিল দল। শেষ পর্যন্ত এলিস পেরির ব্যাটে ভর করে ছয় বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বার্মিংহাম ফিনিক্স।
এর আগে ব্যাট করতে নামা এমআই লন্ডন নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। হেইলি ম্যাথিউসের ২১ রানের প্রাথমিক ঝড়ের পর হোলি আরমিটেজ ও শিনেল হেনরি ৫৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। হেনরি ৩৩ বলে ৪২ রান করলেও শেষদিকে আলানা কিং ও ইভা গ্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। গ্রে ২৯ রানে ২ উইকেট নেন। এই হারে পয়েন্ট তালিকায় তলানির দিকে থেকে আসর শেষ করল এমআই লন্ডন, অন্যদিকে ফিনিক্স পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছে।
