প্রেসক্রিপশন ওষুধ সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে দুই ম্যাচের নিষিদ্ধ হলেন অজি পেসার মেগান শাট

প্রেসক্রিপশন ওষুধ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে দুই ম্যাচের আন্তর্জাতিক ও ঘরোয়া নিষেধাজ্ঞা পেয়েছেন অভিজ্ঞ অস্ট্রেলীয় পেসার মেগান শাট। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসা নির্দেশিকার অধীনে থাকা নির্ধারিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটি প্রতিযোগিতার বাইরে সংঘটিত হয়েছিল এবং এর সাথে কোনো ধরনের পারফরম্যান্স বাড়ানোর উপাদানের সম্পৃক্ততা ছিল না।

এই নিষেধাজ্ঞার ফলে তিরিশ বছর বয়সী তারকা পেসার মিস করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে নর্থ সিডনি ওভালে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি, যা মাঠে গড়াবে বৃহস্পতিবার (২২ অক্টোবর)। এছাড়া আগামী ৩১ অক্টোবর মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে উইমেন্স বিগ ব্যাশ লিগ বা ডব্লিউবিবিএল বাষট্টি মৌসুমের উদ্বোধনী ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, তারা মেগান শাটকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং দলের প্রতিনিধিত্বকারী সকলের জন্য নির্ধারিত মানদণ্ড ও দায়িত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করবে।

শাস্তি পাওয়ার পর নিজের ভুল স্বীকার করে একটি বিবৃতি দিয়েছেন মেগান শাট। তিনি জানিয়েছেন, নিজের ওপর অর্পিত মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হওয়ার জন্য তিনি অনুতপ্ত এবং সম্পূর্ণ শাস্তি মাথা পেতে নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যে অনভিপ্রেত মনোযোগ তৈরি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি ভক্ত ও সতীর্থদের কাছ থেকে পাওয়া সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি স্বীকার করেছেন যে, এ ধরনের নিয়মাবলী সম্পর্কে নিয়মিত শিক্ষা দেওয়া হলেও ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পুরো দায়দায়িত্ব খেলোয়াড়দের নিজেদেরই।

০%
০%
০%
০%