Advertisement

নেছারাবাদের সন্ধ্যা নদী থেকে টন টন বর্জ্য অপসারণ বিভাগীয় কমিশনারের উদ্যোগে স্বস্তি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফসংলগ্ন সন্ধ্যা নদীতে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও প্লাস্টিকের বোতল ভাসতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। মঙ্গলবার দুপুরে নেছারাবাদ উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে ফেরার পথে তিনি নদীর এই দূষণ প্রত্যক্ষ করেন। তাঁর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা প্রশাসন ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে বর্জ্য অপসারণ করে পানি পরিষ্কার করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ জানান, ছারছিনা দরবার শরিফের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার কথা থাকলেও তা নদীতে ফেলা হচ্ছিল, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র মাহফিলে লক্ষাধিক মুসল্লির সমাগম হয় বিধায় পরিবেশ রক্ষায় সচেতনতা প্রয়োজন।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহে ছারছিনা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী ও পরিবেশ দূষণমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও দরবার শরিফ কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিয়মিত বর্জ্য অপসারণ করা না হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ হুমকির মুখে পড়বে।

0%
0%
0%
0%