খুলনায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা গুলি চালালে তুষারের পিঠে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।