দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে।

বাসসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বর্তমান সরকার। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তার আইনি অবস্থান সুনির্দিষ্ট এবং তাকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে আইন নিজের গতিতে চলবে।

বিদেশের মাটিতে বসে শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সরকার। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই বক্তব্যকে মূলত আত্মগোপনে থাকা কিংবা দেশত্যাগ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানসিকভাবে চাঙা করার একটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দেখছেন। তিনি বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ না করে বাইরে থেকে যে বাগাড়ম্বর করছেন, তা কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শেখ হাসিনা বিদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসামি কোথায় আত্মসমর্পণ করবেন তা তার নিজস্ব বিষয়, এতে সরকারের কোনো দায় নেই। তবে এটি নিশ্চিত যে, আইনি প্রক্রিয়ায় তাকে কারাবরণ করতেই হবে। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান প্রশাসন ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

০%
০%
০%
০%