এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সূহি মাইলস্টোন কলেজের কোনো শিক্ষার্থী নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিজের পরিচয় গোপন করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে বৃহস্পতিবার ১৬ জুলাই ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ প্রশাসন।
মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় এই জিডি দায়ের করেন, যার নম্বর ৯০৫। অভিযোগে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সূহি আগে এই কলেজের ইংরেজি মাধ্যম বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হয়েছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক অবশিষ্ট নেই এবং কলেজের পরিচয় ব্যবহারের কোনো আইনগত অধিকারও তার নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই তরুণী মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত চলমান আন্দোলনে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রদান করছেন। কলেজের নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জিডিতে দাবি করা হয়েছে।
এহেন পরিস্থিতির প্রেক্ষাপটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।