বলিউড অঙ্গনের অন্যতম আলোচিত তারকা দম্পতি গোবিন্দা এবং সুনিতা আহুজার দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি শুরু হয়েছে নতুন গুঞ্জন। রবিবার এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে এই তারকা দম্পতি তাদের সম্পর্কের নানা জটিলতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। আর এই পারিবারিক টানাপোড়েন ও চর্চিত সম্পর্ক নিয়ে শোবিজ ভুবনে শুরু হয়েছে নানা গুঞ্জন।
চলমান এই বিতর্কে এবার সরাসরি জড়িয়ে পড়েছেন খোলামেলা কথার জন্য পরিচিত তারকা রাখি সাওয়ান্ত। সোমবার মুম্বাইয়ে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে রাখি ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা গোবিন্দার ওপর। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৪০ বছর ধরে ছায়ার মতো পাশে থাকা এবং দুই সন্তানের জননী স্ত্রী সুনিতাকে অবহেলা করে বড় ভুল করেছেন এই অভিনেতা। বিশেষ করে, গোবিন্দার সঙ্গে কোমল রানী স্বর্ণকারের সম্পর্কের গুঞ্জন নিয়ে রাখির সুর ছিল বেশ চড়া।
এই প্রসঙ্গে রাখি আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, কোমল নাকি তার এবং অন্যান্য সেলিব্রিটিদের নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। সুনিতা আহুজার পক্ষ নিয়ে রাখি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান যে তিনি চুপ থাকবেন না। এর আগে সুনিতা দাবি করেছিলেন যে গোবিন্দা ও কোমল বিয়ের পরিকল্পনা করছেন এবং এই ক্ষোভ থেকেই তিনি বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করতে আদালতে গিয়েছিলেন। যদিও গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এই দ্বিতীয় বিয়ের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে গোবিন্দার সঙ্গে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা দর্শনে যাওয়ার পর শুরু হওয়া সমালোচনার জবাব দিয়েছেন কোমল রানী স্বর্ণকারও। মঙ্গলবার নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে এক বিস্ফোরক নোটে তিনি সমালোচকদের ধোঁয়াশাচ্ছন্ন আক্রমণ করেন। কোমলের সেই বার্তার মূল লক্ষ্য ছিলেন বলিউডের সেইসব তারকারা, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করে নিজেদের ফুরিয়ে যাওয়া ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন। সবমিলিয়ে, গোবিন্দার এই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং রাখি-কোমলের কথার লড়াইয়ে বলিউডের অন্দরমহল এখন উত্তাল।