Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ৩০ আগস্ট থেকে পর্দায় ফিরছে বিগ বস বাংলা

বাংলার বিনোদন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা কাঁপাতে আসছে মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। আগামী ৩০ আগস্ট রাত আটটায় গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে স্টার জলসা ও জিও হটস্টার প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে এই হাই-ভোল্টেজ শো। মুম্বাইয়ের বিলাসবহুল ‘বিগ বস’ হাউসের অন্দরে এবারের মূল আকর্ষণ ক্রিকেট বিশ্বের কিংবদন্তি এবং বাঙালির চিরচেনা ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালকের ভূমিকায় মহারাজের সংযোজন শো-টিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের সিজনের মূল মন্ত্র বা থিম রাখা হয়েছে ‘দুর্গ জয় সহজ নয়’। মহারাজের তীক্ষ্ণ নজরদারিতে বন্দিদশার এই রণক্ষেত্রে কোন তারকা শেষ পর্যন্ত টিকে থেকে শিরোপা ছিনিয়ে নেবেন, তা নিয়ে টালিপাড়ার অন্দরমহলে উত্তেজনা তুঙ্গে। প্রতিযোগীদের নামের তালিকা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখলেও, বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু চমকপ্রদ নাম।

বিজ্ঞাপন

টেলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, জনপ্রিয় জুটি শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে এবার বিগ বসের ঘরে দেখা যেতে পারে। তাঁদের অফস্ক্রিন রসায়ন নিয়ে বরাবরই চর্চা তুঙ্গে, তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে তাঁরা থাকছেন। তালিকার বড় চমক হিসেবে শোনা যাচ্ছে মানামী ঘোষ, ভরত কল ও জয়শ্রী মুখোপাধ্যায়ের নাম। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই ও বিতর্ক পেরিয়ে তাঁদের এই অংশগ্রহণ শো-তে বাড়তি মাত্রা যোগ করবে।

ইনফ্লুয়েন্সার জগতের পরিচিত মুখ শমীক বা ‘ননসেন’, সায়ক চক্রবর্তী, ঝিলম গুপ্ত এবং ‘লাফটারসেন’-এর নামও জোরেশোরে শোনা যাচ্ছে। সুরের জগতের মানুষ দুর্নিবার সাহা এবং প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পালকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সেই সাথে নুসরত জাহান, যশ দাশগুপ্ত, পায়েল সরকার এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাদের নাম সম্ভাব্য তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে তারকাদের ব্যক্তিগত সমীকরণ, নতুন দ্বন্দ্ব আর মহারাজের স্ট্র্যাটেজিক বুদ্ধির দ্বৈরথে বাংলা টেলিভিশন নতুন করে উত্তপ্ত হতে চলেছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পরবর্তীতে জীতু কমল বা বনি সেনগুপ্তের মতো মুখদের প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আগামী কয়েক মাস বিনোদন দুনিয়া যে ‘বিগ বস বাংলা’র নেশায় বুঁদ হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।

0%
0%
0%
0%