ব্যক্তিগত গোপনীয়তা ও মানহানি নিয়ে কঠোর আইনি পদক্ষেপ নিলেন গোবিন্দা

বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা গোবিন্দাকে ঘিরে শোবিজ অঙ্গনে এখন বিতর্কের ঝড়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর টানাপোড়েন এবং একে অপরের দিকে ছোড়া অভিযোগের তীর এখন ভক্তমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পারিবারিক কলহের পাশাপাশি গোবিন্দার নাম জড়িয়ে ছড়িয়েছে রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। সুনীতার দাবি, স্বামী গোবিন্দা দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং রানির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়েছে।
ব্যক্তিগত জীবনের এই সংকটময় মুহূর্তে গোবিন্দা কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন। নিজের ভাবমূর্তি রক্ষা করতে তিনি কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি দিয়েছেন। অভিনেতার অভিযোগ, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, কণ্ঠস্বর ও পরিচয় বিকৃত করা হচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট ছড়ানো থেকে বিরত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুমকি দিয়েছেন ‘রাজা বাবু’খ্যাত এই তারকা।
আইনি নোটিশে গোবিন্দা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, গুজব রটনাকারীদের বিরুদ্ধে মানহানি, গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার অপরাধের ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাজেয়াপ্ত এবং ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের দাবি তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রযুক্তিকে পুঁজি করে যারা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করছে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
এদিকে, সুনীতা ও গোবিন্দার সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি সুনীতাকে ছেলে যশবর্ধনের সঙ্গে পারিবারিক আদালতের বাইরে দেখা যাওয়ার পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও সুনীতার দাবি, তিনি একটি মামলা প্রত্যাহারের জন্য আদালতে গিয়েছিলেন, তবুও এই ঘটনা তাঁদের সম্পর্কের অবনতিকে স্পষ্ট করে তুলেছে। সুনীতা সরাসরি গোবিন্দার বিরুদ্ধে রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলায় অভিনেতাও পাল্টা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি সুনীতাকে তাঁর সীমালঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন, যা বুঝিয়ে দিচ্ছে রুপালি পর্দার এই তারকার ব্যক্তিগত জীবন এখন নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে।
