তরুণ প্রজন্ম নিয়ে সুর বদল করলেন কঙ্গনা রানাওয়াত জেন জি এখন দেশের বড় সম্পদ

বলিউডের বিতর্কিত রানী কঙ্গনা রানাউতকে ঘিরে নতুন করে সরগরম বি-টাউন। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তরুণ প্রজন্মের সমালোচনার ঘটনায় কঙ্গনার কঠোর মন্তব্যের রেশ কাটতে না কাটতেই যেন নতুন রূপ নিয়ে হাজির হয়েছেন এই বিজেপি সংসদ সদস্য। কিছুদিন আগেই যে প্রজন্মকে তিনি ‘নর্দমার প্রজন্ম’ বলে ধুয়ে দিয়েছিলেন, সেই ‘জেন জি’ বা নতুন প্রজন্মকেই এখন ভারতের সবচেয়ে বড় শক্তি এবং সংস্কৃতির ধারক হিসেবে আখ্যা দিচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে নিজের সুর পুরোপুরি বদলে ফেলেন কঙ্গনা। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে জানান, আজকের তরুণ প্রজন্ম কেবল দেশের শক্তিই নয়, বরং তারা আমাদের জাতির জন্য এক অমূল্য সম্পদ। কঙ্গনার মতে, আমাদের সংস্কৃতি এবং জাতীয় পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে আজকের যুবসমাজ যেভাবে অগ্রণী ভূমিকা পালন করছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আনন্দের। তার এই ভোল পাল্টানো মন্তব্য নিয়ে এখন বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন চলছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই নেট পরীক্ষার অনিয়ম নিয়ে উত্তাল পরিস্থিতির সময় কঙ্গনা চরম আক্রমণাত্মক ছিলেন। শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিও দেখে তিনি রীতিমতো ঘৃণা প্রকাশ করেছিলেন। শিক্ষার্থীদের ‘আরশোলা’র সঙ্গে তুলনা করে তাদের আচরণ ও ভাষাকে ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেছিলেন এই অভিনেত্রী। এমনকি তিনি প্রকাশ্যে বলেছিলেন যে, এই প্রজন্মকে তিনি ‘নর্দমার প্রজন্ম’ মনে করেন। তার সেই কঠোর সমালোচনা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।
ব্যক্তিগত ও রাজনৈতিক মতাদর্শের বাইরে কঙ্গনার ক্যারিয়ারেও এখন নতুন মোড়। সম্প্রতি তিনি মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় অভিনয় করেছেন। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে কামা হাসপাতালের নার্স এবং কর্মীদের আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। অভিনয়ের পাশাপাশি নিজের বিতর্কিত মন্তব্যের কারণে সর্বদা আলোচনার শীর্ষে থাকা কঙ্গনার এই নতুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে তার ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
