Advertisement

পবিপ্রবিতে ছয়টি নতুন স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন দ্বিতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে স্থাপনাগুলোর কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা খামার ভবন। এ ছাড়া ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন ও ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়িকোঠা নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় বিনির্মাণে উন্নত অবকাঠামোর কোনো বিকল্প নেই। নতুন এই স্থাপনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না, বরং এসব রাষ্ট্রীয় সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তিনি ভবিষ্যতে পবিপ্রবিতে আরও নতুন স্থাপনা নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সফলভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%