ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এগিয়ে ছাত্রীরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবার সামগ্রিক পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বোর্ড প্রকাশিত আনুষ্ঠানিক তথ্যে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ৯ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৬০ হাজার ২৭৪ জন।
লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা যায়, ছাত্রীদের তুলনায় ছাত্রীরা সাফল্যের ধারায় এগিয়ে রয়েছে। এবারের পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭০০ জন, যার মধ্যে ৩ হাজার ৭৯ জন ছাত্রী এবং ২ হাজার ৬২১ জন ছাত্র।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৯ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় মোট ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
জেলাভিত্তিক ফলাফলের চিত্র পর্যালোচনায় দেখা যায়, নেত্রকোনা জেলায় পাসের হার সর্বোচ্চ ৬০ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহ জেলায় ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের ফলাফলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি। অন্যদিকে, ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
