পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার জেরে বিপুল কুমার মল্লিক (৪৬) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্ত ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এজাহারের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সার ব্যবসায়ী বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার দিন বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের যৌথ নেতৃত্বে দীঘিরজান বাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক। অভিযانকালে বাবুল মোল্লার দোকান ও গুদাম তল্লাশি করে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি এবং পাঁচ বস্তা টিএসপি অবৈধ সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে বিপুল কুমার মল্লিক ব্যক্তিগত কাজে পুনরায় বাজারে গেলে বাবুল মোল্লা তার পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতার ক্ষোভে তাকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেন ওই ব্যবসায়ী। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে কৃষি কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলা শেষে অভিযুক্ত বাবুল মোল্লা তাকে প্রকাশ্যে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইসেন্সহীন সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ করা হয়েছিল। অভিযান চলাকালীন তিনি দলের সঙ্গেও অসদাচরণ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করার পর তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর অতর্কিত হামলা চালান। বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অভিযান শেষে চলে আসার পর ওই ব্যক্তি কৃষি অফিসের এক কর্মকর্তাকে মারধরের বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তার ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও কৃষি বিভাগের কর্মকর্তারা।