ভুয়া পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া কর্মকর্তা সেজে মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক শরীফ উদ্দিন উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরীফ আদালত থেকে বিভিন্ন মামলার তথ্য ও কপির ছবি মোবাইল ফোনে ধারণ করে তা প্রিন্ট করতেন। পরবর্তীতে জেলার বিভিন্ন এলাকার মামলার বাদী ও বিবাদীদের বাড়িতে গিয়ে তিনি নিজেকে পিবিআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিতেন। আদালতে চলমান মামলার তদন্ত প্রতিবেদন নিজেদের অনুকূলে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ঘটনার দিন রবিবার বিকেলে পুলিশের নেভি ব্লু প্যান্ট ও বিশেষ বুট জুতা পরে শ্যামবাড়ী গ্রামে যান ওই প্রতারক। সেখানে একটি দোকানের সামনে দাঁড়িয়ে তিনি এক ব্যক্তির ঠিকানা জানতে চাইলে স্থানীয় বাসিন্দা ও আইনজীবী নয়ন নাজিরসহ উপস্থিত লোকজনের তার চলাফেরা নিয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি পিবিআইয়ের সদস্য বলে দাবি করলেও কোনো বৈধ কার্ড দেখাতে ব্যর্থ হন।

একপর্যায়ে উপস্থিত লোকজনের জেরার মুখে শরীফ নিজেকে এক আইনজীবীর মুহুরি বলে দাবি করেন। তবে আইনজীবী নয়ন নাজিরের পরিচিত মহলে এমন কোনো মুহুরির অস্তিত্ব না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে স্থানীয়দের চাপে তিনি কম্পিউটারে প্রিন্ট করা একটি ভুয়া মুহুরি কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে সাধারণ মানুষের প্রবল তোপের মুখে তিনি প্রতারণার কথা স্বীকার করতে বাধ্য হন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শরীফ উদ্দিন রেজভীকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%