গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাস ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শাহিদুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। তিনি ঘটনার সময় মহাসড়কের পাশে ভ্যান নিয়ে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন দুটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘দোলা পরিবহন’ এবং গোপালগঞ্জগামী আরেকটি লোকাল বাসে সজোরে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষের আকস্মিকতায় গাড়িগুলোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ভ্যানচালক শাহিদুল ইসলাম। এ ছাড়া উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং হাইওয়ে থানা পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।